গাবতলী , বগুড়া:
বগুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে আবারও একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার জেলার গাবতলী মডেল থানাধীন সুখানপুকুর ইউনিয়নে এক গৃহবধূকে নিজ ঘরের ভেতর গলা কেটে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।
নিহত গৃহবধূর নাম রীতা মজুমদার (৫০)। তিনি সুখানপুকুর ইউনিয়নের বিধান মজুমদারের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে সুখানপুকুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় রীতা মজুমদার নিজ বসতঘরের ভেতরেই ছিলেন। গভীর রাতে কে বা কাহারা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে গাবতলী মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি নেয়।
এলাকায় একের পর এক অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এই হত্যাকাণ্ডের দ্রুত সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গাবতলী মডেল থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীদের সনাক্ত করে গ্রেফতারে ইতিমধ্যে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
