মোঃ মোজাফফর হোসেন
সিনিয়র রিপোর্টার(বগুড়া জেলা)
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচি এর ২০২৫-২৬ অর্থবছরের আওতায় উপজেলা ভিত্তিক বাইসাইকেল চালানোর দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে গতি আনা, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং যাতায়াতের সুবিধা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। বিশেষ করে দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা এই সহায়তার মাধ্যমে উপকৃত হবে এবং তাদের শিক্ষাজীবন আরও সহজ হবে।
সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষাই জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। সরকারের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও স্বনির্ভরতা বৃদ্ধি করবে। তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।”
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এই সহায়তা তাদের বিদ্যালয়ে যাতায়াতকে সহজ করবে এবং লেখাপড়ায় আরও মনোযোগী হতে সহায়তা করবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বাইসাইকেল বিতরণ করা হয়।