গাবতলী , বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় প্রকাশ্যে মাদক বিক্রির প্রতিবাদ করায় এক যুবদল নেতা ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী যুবদল নেতা এস কে সাদিক খোকন (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মহিষাবান ইউনিয়নের মড়িয়া (ছয়মাইল) গ্রামের বাসিন্দা ও স্থানীয় যুবদল নেতা এস কে সাদিক খোকন গত ১০ জুন স্থানীয় সচেতন ব্যক্তিদের সঙ্গে নিয়ে এলাকার কথিত মাদক ব্যবসায়ী মাসুদ ওরফে মাসুদের আস্তানায় যান। সেখানে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি বন্ধ করার আহ্বান জানালে অভিযুক্ত মাসুদ ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তিনি অশোভন আচরণ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ঘটনার পরদিন ১১ জুন মাসুদ তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে সাদিক খোকনকে ফোন করে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন। অন্যথায় তাকে ও তার পরিবারের সদস্যদের খুন-জখমসহ জানমালের ব্যাপক ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হয়।
এ ঘটনার পর থেকে সাদিক খোকন ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানান। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় রুবেল ও বেলালসহ একাধিক ব্যক্তি রয়েছেন, যারা প্রয়োজন হলে সাক্ষ্য দিতে পারবেন।
এ বিষয়ে ভুক্তভোগী যুবদল নেতা এস কে সাদিক খোকন বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিবাদ করায় আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
এলাকাবাসীর দাবি, মাদকের বিস্তার রোধে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত মাসুদের বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া অভিযোগের বিষয়ে গাবতলী মডেল থানার পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।