আদমদীঘি (বগুড়া):
বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাইমদসহ ৩ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল আদমদীঘি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানের সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাইমদ উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. আফাজুল মণ্ডল (৫০), পিতা: মো. গফুর মণ্ডল, গ্রাম: পারকোয়ালীয়া, রায়কালী, নওগাঁ; মো. শাহিন ফকির (৫০), পিতা: মো. মোকছেদ ফকির, গ্রাম: লক্ষণ কুঁড়ি, আদমদীঘি, বগুড়া; এবং মো. মিলন পাহান (৩২), পিতা: কালাচান পাহান, গ্রাম: পূর্ব আব্দুল্লাপুর, আক্কেলপুর, জয়পুরহাট।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিচার কার্যক্রম পরিচালনা করে। আদালত দুই আসামিকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অপর এক আসামিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।