বগুড়া : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা সভাপতি সাজেদুর রহমান শাহিনসহ চার নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম ও কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন (৬০), শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু (২৯) এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মী হিসেবে পরিচিত ফেরদৌস হোসেন (২৬)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সাজেদুর রহমান শাহিনের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। সাব্বির হোসেন নির্জনের বিরুদ্ধে ১০টির বেশি এবং ফেরদৌস হোসেনের বিরুদ্ধে দুইটির বেশি মামলা রয়েছে। তবে সিনিয়র সহসভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপনের বিরুদ্ধে মামলার সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেপ্তার চারজনই দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করার পর চট্টগ্রাম ও কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালানো হয়। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবির ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।