বগুড়া :
বগুড়ার গাবতলী উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তৌমিরুল ইসলাম তৌকির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে তার জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া জেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের কাছে তিনি তার জীবনবৃত্তান্ত জমা দেন।
এ সময় তৌমিরুল ইসলাম তৌকিরের সঙ্গে গাবতলী উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। জীবনবৃত্তান্ত জমা দেওয়াকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
তৌমিরুল ইসলাম তৌকির দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বলে তার সমর্থকরা জানান। তারা আশা প্রকাশ করেন, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও কর্মীদের সঙ্গে সুসম্পর্কের বিবেচনায় তৌমিরুল ইসলাম তৌকিরকে গাবতলী উপজেলা ছাত্রদলের সভাপতি পদে দায়িত্ব দেওয়া হবে।
জীবনবৃত্তান্ত গ্রহণকালে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলেন।
গাবতলী উপজেলা ছাত্রদলের সভাপতি পদে তৌমিরুল ইসলাম তৌকিরের প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।