বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ি থেকে টুলু মিয়া (বৃদ্ধ) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের নিজ বাড়ির একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, টুলু মিয়ার স্ত্রী জীবিকার প্রয়োজনে প্রবাসে অবস্থান করছেন। তার দুই মেয়ে জেমি ও জুথি আক্তার বিবাহিত। তিনি নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তবে কয়েক দিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকায় ছোট মেয়ে জুথি আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বঁটি উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।