গাবতলী বগুড়াঃ
মাংসে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার: দোকানদারকে জরিমানা
বগুড়ার গাবতলী উপজেলার তিনমাথা এলাকায় মাংসের গায়ে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করে বিক্রির অভিযোগে এক দোকানদারকে জরিমানা করা হয়েছে। রবিবার (৭ জুন) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট দোকানদারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাংসকে অধিক আকর্ষণীয় ও তাজা দেখানোর উদ্দেশ্যে এর গায়ে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। বিষয়টি জানতে পেরে প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে তিনি জানান।