সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশের নিয়মিত অভিযানে মাদক ব্যবসায়ী, জালনোট কারবারি ও এক পরোয়ানাভুক্ত আসামিসহ মোট তিনজনকে আটক করা হয়েছে।
থানা পুলিশের মাদকবিরোধী অভিযান দল পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. হাসিবুল হাসান আকাশ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। তিনি বোহাইল মাঝিড়ার চর এলাকার বাসিন্দা।
এদিকে, চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের একটি দল জনসাধারণের সহযোগিতায় এক হাজার টাকার দুটি জালনোটসহ মোছা. মিম আক্তার (২২) নামে এক নারীকে আটক করে। তিনি গাবতলী উপজেলার কালাইহাটা উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
অপরদিকে, থানার ওয়ারেন্ট তামিলকারী দল ছাইহাটা এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. বিটল মিয়াকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং জালনোটসহ আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়।
সারিয়াকান্দি থানা পুলিশ জানায়, জনগণের জানমাল রক্ষায় তারা নিয়মিত ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে থানার বিশাল এলাকা ও জনসংখ্যার তুলনায় জনবল সংকট থাকায় কাঙ্ক্ষিত সেবা প্রদান অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়ে।
পুলিশ আরও জানায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে এলাকাভিত্তিক সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, অপরাধসংক্রান্ত তথ্য প্রদানকারীদের পরিচয় ও তথ্যের গোপনীয়তা রক্ষায় পুলিশ অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করা হয়েছে।