শেরপুর বগুড়াঃ
বগুড়ার শেরপুর উপজেলায় জাম পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে নাজমুল হোসেন (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন একই গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা সোলেমানের বাড়ির রাস্তার পাশের একটি জাম গাছে জাম পাড়ার উদ্দেশ্যে ওঠেন নাজমুল। একপর্যায়ে গাছের একটি ডাল হঠাৎ ভেঙে গেলে তিনি নিচে পড়ে যান। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করতে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।
খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।