গাবতলী (বগুড়া) : ছাত্র-যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বগুড়ার গাবতলী উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার ১০০টি গ্রামের প্রতিনিধিদের মাঝে ১০০টি ফুটবল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ী এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল বিতরণ করেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
এ সময় তিনি বলেন, “যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ বিনোদন ও ক্রীড়া চর্চার মাধ্যমে একটি মাদকমুক্ত, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি গ্রামে ক্রীড়া কার্যক্রমকে উৎসাহিত করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণরা খেলাধুলায় সম্পৃক্ত হলে তারা মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, সহ-সভাপতি রেজা হোসেন, সাংগঠনিক সম্পাদক ডিও তালুকদার, দপ্তর সম্পাদক সম্রাট হাসান দোয়েল এবং উপজেলা ছাত্রনেতা সোহাগ, লিখন, আলিফ, সোহান বাবু, আরিফুল, সাইদ, ইউসুফ, ইস্তি, সামিউল, সালামসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সামাজিক ও ক্রীড়ামুখী কার্যক্রম তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে এবং মাদকমুক্ত, সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
(সব খবর পেতে সঙ্গে থাকুন দৈনিক বগুড়ার বার্তা)