বগুড়া, ৭ আগস্ট: বগুড়ার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার ভোরে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি টিনের বারান্দায় ঘুমিয়ে থাকা শ্রমিক ও দিনমজুরদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ চলছে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কার্যক্রমও পরিচালনা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।