বগুড়ার স্টেশন রোডে দুটি কাচ্চি প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে খাদ্য তৈরিতে অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে স্টেশন রোড এলাকার ‘রয়েল কাচ্চি’ ও ‘ঢাকা কাচ্চি ডাইন’-এ এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, প্রতিষ্ঠান দুটিতে ঘোষিত খাসির মাংসের পরিবর্তে ছাগী/ভেড়ার মাংস ব্যবহার, অপরিশোধিত লবণ দিয়ে খাবার প্রস্তুত এবং অপরিচ্ছন্ন রান্নাঘরে খাদ্য তৈরির মতো অনিয়ম পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে রয়েল কাচ্চিকে ৫ হাজার টাকা এবং ঢাকা কাচ্চি ডাইনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষকে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।