বগুড়ায় জিন তাড়ানোর প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে হাকীম ক্বারী মাওলানা মো. রেজাউল করিম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে বগুড়া সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ঘটনার বিবরণ: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী বেশ কিছু দিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ বোধ করছিল। মেয়েটির পরিবারের বিশ্বাস ছিল তার ওপর জিনের আছর রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে অভিযুক্ত রেজাউল করিম নিজেকে বড় হাকীম ও আধ্যাত্মিক সাধক পরিচয় দিয়ে মেয়েটির চিকিৎসার দায়িত্ব নেয়।
গত ৫/৫/২০২৬জিন তাড়ানোর দোহাই দিয়ে এবং বিভিন্ন ধর্মীয় ভীতির কথা বলে মেয়েটিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশি ব্যবস্থা: ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। মামলার পর সদর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে অভিযুক্ত রেজাউল করিমকে গ্রেফতার করতে সক্ষম হয়।







