বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকা থেকে একটি প্রাচীন কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তিটি ভারতে পাচারের প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার ১২ মে২৬ইং দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহারের তত্ত্বাবধানে এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ডিবির একটি দল শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান দক্ষিণপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি মূল্যবান কষ্টি পাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তি ভারতে পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন গড়মহাস্থান দক্ষিণপাড়ার মোঃ রফিকুল ইসলাম (৫৪) এবং বগুড়া সদরের নিশিন্দারা পশ্চিমপাড়ার মোঃ নাহিদুর রহমান (৩২)।
পরে তাদের হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে কষ্টি পাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ৩০ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৩০ কেজি ৭০০ গ্রাম।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মূর্তিটির ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব রয়েছে কি না, তা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।