গাবতলী (বগুড়া): বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের চককাতুলি সার্বজনীন হরিবাসর মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী হরিনাম সংকীর্তন ও হরিবাসর অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মে এ উপলক্ষে আয়োজিত কীর্তন অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত সনাতন ধর্মাবলম্বী ভক্তদের ঢল নামে।উৎসব উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী বিআরডিপির চেয়ারম্যান জাকারিয়া মোরশেদ ইকবাল।প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া মোরশেদ ইকবাল বলেন:
“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল থেকে এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হাসান গুলজার এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাবতলী উপজেলা শাখার সভাপতি অলক চৌধুরী। এছাড়াও স্থানীয় ধর্মীয় নেতা বিকাশ চন্দ্র রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এরপর উপস্থিত ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মহানাম সংকীর্তনে এলাকা জুড়ে এক আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।