গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলার রহিমারপাড়া এলাকায় এক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা ও অটোরিকশাচালক সুমন মিয়া (৪০), পিতা মোখলেছুর রহমান, প্রবাসী কবির প্রামাণিকের স্ত্রীর ঘরে প্রবেশ করেছেন—এমন অভিযোগ তুলে পাড়া-প্রতিবেশীরা তাকে আটক করেন। পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা-সমালোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সুমন মিয়া কী কারণে ওই বাড়িতে গিয়েছিলেন বা কারও আহ্বানে সেখানে প্রবেশ করেছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
খবর পেয়ে গাবতলী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার বিষয়ে অনুসন্ধান শুরু করে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।