বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ধলীরচর গ্রাম থেকে এক ব্যক্তিকে নারীর নগ্ন ছবি ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আটক করেছে গাবতলী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২টার দিকে অভিযান চালিয়ে মোঃ রানা মিয়া (৪০), পিতা-মৃত ছহির উদ্দিন প্রাং, গ্রাম-ধলীরচর, থানা-গাবতলী, জেলা-বগুড়াকে আটক করা হয়।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি তার মোবাইল ফোনে এক ভিক্টিমের গোসলের সময়ের নগ্ন ছবি ধারণ করেন এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ইন্টারনেটভিত্তিক মাধ্যমে তা ছড়িয়ে দেন। এছাড়া মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অশ্লীল ছবি সরবরাহের মাধ্যমে ভিক্টিমের সামাজিক ও ব্যক্তিগত মর্যাদাহানি এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির অভিযোগ রয়েছে।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে যে অভিযুক্ত তার নিজস্ব মোবাইল ফোনে ছবিগুলো ধারণ করে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে ছড়িয়ে দেন। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক করে জানিয়েছে, ভিক্টিমের নগ্ন ছবি বা ভিডিও সংরক্ষণ, আদান-প্রদান বা প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির মোবাইল ফোন বা ডিভাইসে ভিক্টিমের ছবি পাওয়া গেলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে।