গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের মড়িয়া গ্রামে যুব সমাজের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
খেলায় অংশ নেয় দুটি দল— বিবাহিত একাদশ ও অবিবাহিত একাদশ। বিবাহিত দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন সুমন, আর অবিবাহিত দলের অধিনায়ক ছিলেন শাকিব।
খেলাটি দেখতে স্থানীয় বিভিন্ন বয়সী মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ খেলা উপহার দেন, যা দর্শকদের মুগ্ধ করে।
আয়োজকরা জানান, বর্তমান প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।
স্থানীয় সচেতন মহল এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।