বগুড়া প্রতিনিধি:
বগুড়া মহানগরের লতিফপুর কলোনি এলাকায় পূর্ব শত্রুতার জেরে আরিফ শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ শেখ লতিফপুর কলোনি এলাকার বাসিন্দা এবং মো. আজিজ শেখের ছেলে।
নিহতের স্বজনদের দাবি, প্রায় ১০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে আরিফের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই কয়েকজন তাকে খুঁজছিল বলে তারা অভিযোগ করেন। গভীর রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও তাদের দাবি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় আরিফের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহত আরিফ শেখের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা ছিল। তবে এসব মামলার বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।