গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়ি বাজারে একটি জুয়েলার্স দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে গোলাবাড়ি বাজারের রূপালী ব্যাংকের নিচে অবস্থিত কবিরাজ মার্কেটের জান্নাত জুয়েলার্সে। দোকানটির মালিক জাফর আলী জানান, চোরচক্রের একজন সদস্য তার স্ত্রীর জন্য স্বর্ণ কেনার কথা বলে দোকানে আসে এবং দীর্ঘ সময় অবস্থান করে। পরে মাগরিবের নামাজের সময় তিনি দোকান রেখে নামাজে যান।
এ সময় পাশের একটি কাপড়ের দোকানে দুইজন অপরিচিত ব্যক্তি কাপড় কেনার অজুহাতে দোকানদার রাজীবকে ব্যস্ত রাখে। রাজীবের ভাষ্য অনুযায়ী, তারা দীর্ঘ সময় দরদাম করে তাকে ব্যস্ত রাখছিল। সেই সুযোগে চোরচক্রের সদস্য জাফর আলীর দোকানে ঢুকে ড্রয়ার থেকে স্বর্ণালঙ্কার চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
নামাজ শেষে দোকানে ফিরে এসে জাফর আলী ড্রয়ার খোলা দেখতে পান। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে চুরির ঘটনা নিশ্চিত হয়। ফুটেজে চোরের ছবি স্পষ্টভাবে ধরা পড়েছে বলে তিনি জানান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।