বগুড়া, ২৬ জুন: ‘World Drug Problem: Persisting Issues, New Challenges, Innovative Responses’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ায় মাদকবিরোধী বন্ধন, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় (বটতলা) প্রাঙ্গণ থেকে একটি মাদকবিরোধী বন্ধন ও র্যালি বের হয়ে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) এবং সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জিললুর রহমান। তিনি অধিদপ্তরের কার্যক্রম ও মাদক নিয়ন্ত্রণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, এনজিও ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সদস্য, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের ভয়াবহতা তুলে ধরে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, জনমত গঠন এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে জেলার গুরুত্বপূর্ণ স্থানে মাদকবিরোধী স্টিকার ও পোস্টার লাগানো, লিফলেট বিতরণ, যানবাহনে সচেতনতামূলক স্টিকার সংযোজন, জেলা তথ্য অফিসের সহযোগিতায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উল্লেখযোগ্য।
এছাড়া জেলার ১২টি উপজেলায় ১৩টি স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বগুড়ার ১৪টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্যোগে নগরীর ১২টি পয়েন্টে বিনামূল্যে কাউন্সেলিং সেবা, মাদকবিরোধী মাইকিং, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি প্রতিটি উপজেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় নির্মাণের জন্য বর্তমান সরকারের উদ্যোগে এক একর জমি বন্দোবস্তের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সভায় জানানো হয়, ২০২৫ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় ১ হাজার ৮০৩টি অভিযান পরিচালনা করে ৭০২টি মামলায় ৭৩৫ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে ৩৫০ গ্রাম হেরোইন, ৩৩১ দশমিক ৮৫৯ কেজি গাঁজা, ৪৪৪ বোতল ফেন্সিডিল, ৪৪ হাজার ৫১টি ইয়াবা, ৭ হাজার ৪০২টি ট্যাপেন্টাডল, ১৮০ দশমিক ৭০০ লিটার চোলাই মদ, ৩৫০ লিটার ওয়াশ, ১ হাজার ২২৫ অ্যাম্পুল বুপ্রেনরফিনসহ নগদ ৬ লাখ ২ হাজার ১৬০ টাকা এবং বিভিন্ন যানবাহন উদ্ধার করা হয়।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ৮৩৮টি অভিযানে ৩৩৬টি মামলায় ৩৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৪ গ্রাম হেরোইন, ৮৪ দশমিক ১৩৫ কেজি গাঁজা, ৫২ বোতল ফেন্সিডিল, ৩৮ হাজার ৭৬৭টি ইয়াবা, ২ হাজার ২৭৭টি ট্যাপেন্টাডল, ৫৩ দশমিক ৬০০ লিটার চোলাই মদ, ৪০ লিটার ওয়াশ, ১ হাজার ৬২২ অ্যাম্পুল বুপ্রেনরফিন, ৩ বোতল স্কাফ ডিএক্স, নগদ ১ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা, ট্রাক, মোটরসাইকেল, সিএনজি, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
এ ছাড়া মাদক ব্যবসার মাধ্যমে অবৈধভাবে অর্জিত সম্পদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও চলমান রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।