গাবতলী বগুড়া :
মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং শ্রমিকদের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে বগুড়ার গোলাবাড়িতে সকল সিএনজি চালকদের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) গোলাবাড়ি শ্রমিক বিশ্রামাগারের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাবাড়ি শ্রমিক বিশ্রামাগারের সভাপতি মো. আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হামিদ মিটুল। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান শামছু এবং মহিষাবান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এম আর ইসলাম রিপন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ। এছাড়াও উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান সুমন, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান, মহিষাবান ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক তৌমিরুল ইসলাম তৌকির এবং মহিষাবান ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. ফারুক।
বক্তব্যে মো. এম আর ইসলাম রিপন মাদকের ভয়াবহ দিক তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
উদ্বোধনী বক্তব্যে এম. আর. হাসান পলাশ বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তিনি শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়ার প্রতি সমর্থন জানিয়ে সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সাংবাদিক হাকীম আব্দুল গনি মণ্ডল।
আয়োজকরা জানান, মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ক্রীড়া ও সামাজিক কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে।