নিখোঁজের একদিন পর সিএনজি চালক মান্নানের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
গাবতলী (বগুড়া),:
বগুড়ার গাবতলী উপজেলার তরনিরহাট সিএনজি স্ট্যান্ডের সিএনজি (অটোরিকশা) চালক মো. মান্নান নিখোঁজ হওয়ার একদিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুন রাত আনুমানিক ১০টার পর যাত্রী নিয়ে সিএনজি চালানোর সময় মান্নান সিএনজিসহ নিখোঁজ হন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বিভিন্ন স্থানে তার খোঁজ করতে থাকেন।
পরবর্তীতে সোমবার (২৯ জুন) সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে সারিয়াকান্দি থানায় নেওয়া হয়েছে। তবে তার ব্যবহৃত সিএনজির অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মান্নানের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ঘটনাটি ঘিরে পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।