ঠাকুরগাঁও, ১ জুলাই ২০২৬: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি বিদ্যালয়ের চার ছাত্রী একই দিনে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ চার ছাত্রীর পরিবার মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বালিয়াডাঙ্গী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে।
নিখোঁজ ছাত্রীরা হলেন— খুশি (১৭), মলিকা (১৭), ঋতু দেবনাথ (১৬) এবং সুজতি রানী দেবনাথ (১৪)। তারা সবাই বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের বাসিন্দা। খুশি, মলিকা ও ঋতু সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং সুজতি একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর প্রায় ৬টার দিকে চারজন একসঙ্গে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু দিন শেষে রাত হয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রাইভেট শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ওইদিন তারা সেখানে উপস্থিতই হয়নি।
নিখোঁজ খুশির বাবা মানিক চন্দ্র বলেন, “আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি। কিন্তু কোথাও তাদের সন্ধান পাইনি। আমরা খুবই উদ্বিগ্ন। প্রশাসনের কাছে আমাদের মেয়েদের দ্রুত উদ্ধার করার আবেদন জানাচ্ছি।”
একই সঙ্গে চার ছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের সন্ধান চেয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করা হচ্ছে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, চারটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ ছাত্রীদের উদ্ধারে পুলিশ অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ চার ছাত্রীর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানায় অথবা বালিয়াডাঙ্গী থানা পুলিশের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।